মঙ্গলবার, এপ্রিল ৭

অব্যবহৃত জমিতে বিনোদন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা, ৭নং ঘাটে কেসিসি প্রশাসকের পরিদর্শন

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগর উন্নয়নে টেকসই পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, বাস্তবায়িত প্রকল্পগুলোর সুফল যেন নগরবাসী সরাসরি ভোগ করতে পারে, তা নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে নগরীর ৭নং ঘাট এলাকায় সৌন্দর্যবর্ধন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিক ও স্থানীয় নাগরিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

প্রশাসক বলেন, খুলনায় মানসম্মত বিনোদন কেন্দ্র, বোটানিক্যাল গার্ডেন ও খেলার মাঠের ঘাটতি স্পষ্ট। অথচ নগরীর বিভিন্ন স্থানে সরকারি অনেক জমি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। এসব জমিকে পরিকল্পিতভাবে কাজে লাগিয়ে নগরবাসীর জন্য স্বাস্থ্যসম্মত ও মানসম্পন্ন বিনোদন পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠানোর প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, পরিকল্পিত নগরায়ণ ও জনমুখী উদ্যোগের মাধ্যমে খুলনাকে আরও বাসযোগ্য করে তোলা সম্ভব।

উল্লেখ্য, জার্মান সরকারের অর্থায়নে এর আগে ৭নং ঘাট এলাকায় উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন কাজ সম্পন্ন হয়েছে। আগামী ৯ এপ্রিল জার্মান সরকারের সাতজন পার্লামেন্ট সদস্য ও ঢাকাস্থ জার্মান দূতাবাসের রাষ্ট্রদূত খুলনা সফরে আসছেন। সফরকালে তারা জার্মান অর্থায়নে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প পরিদর্শন করবেন।

এই সফরকে সামনে রেখে প্রকল্প এলাকার সার্বিক প্রস্তুতি যাচাই করতে কেসিসি প্রশাসক মঙ্গলবার সরেজমিনে পরিদর্শন করেন।

এ সময় কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, কনজারভেন্সি অফিসার প্রকৌশলী মো. আনিসুর রহমান, সিসিএইউডি ও এএমসি প্রকল্পের টিম লিডার মেহেদী হাসান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে প্রশাসক রূপসা ঘাট এবং ঘাটসংলগ্ন পন্টুন ও গ্যাংওয়ের বর্তমান অবস্থা ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *