রবিবার, এপ্রিল ৫

রবিবার থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস

|| আলোকিত দৈনিক ডেস্ক ||

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারি ও বেসরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এই নির্দেশনা অনুযায়ী, আগামীকাল রবিবার (৫ এপ্রিল) থেকে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। গত বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব অনুমোদনের পর আজ শনিবার রাতে আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রবিবার থেকে বৃহস্পতিবার এই নতুন সূচিতে অফিস কার্যক্রম পরিচালিত হবে এবং শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি বহাল থাকবে।

তবে জরুরি পরিষেবাগুলো এই সময়সূচির আওতামুক্ত রাখা হয়েছে।

এছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সময়সূচি সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত নির্ধারিত হলেও সাধারণ ব্যাংকিং লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশনা দেওয়া হয়েছে।

অন্যদিকে, আদালতের সময়সূচি সুপ্রিম কোর্ট এবং শিল্প-কারখানার কর্মঘণ্টার বিষয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *