সোমবার, এপ্রিল ৬

বেলকুচিতে এডিস মশা নিধনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক (বেলকুচি, সিরাজগঞ্জ) ||

সিরাজগঞ্জের বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশা নিধনে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে বেলকুচি পৌরসভা। শনিবার (০৪ এপ্রিল) সকালে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মশক নিধন ও জনসচেতনতামূলক এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

অভিযান চলাকালীন বেলকুচি পৌরসভার ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং পরিচ্ছন্নতা কর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির শুরুতে একটি সচেতনতামূলক ব্যানার প্রদর্শন করা হয়, যেখানে এডিস মশা নিধনে ঘরবাড়ি ও চারপাশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়। পরবর্তীতে ফগার মেশিনের সাহায্যে পৌরসভার বিভিন্ন ড্রেন, ঝোপঝাড় ও জমে থাকা পানিতে মশক নিধন স্প্রে করা হয়।

পৌর কর্তৃপক্ষ জানায়, বর্ষা মৌসুমের শুরুতে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ার আশঙ্কা থাকে। তাই আগাম সতর্কতা হিসেবে এই পরিচ্ছন্নতা অভিযান হাতে নেওয়া হয়েছে। শুধু মশা নিধন নয়, বরং মশার প্রজনন ক্ষেত্রগুলো ধ্বংস করার ওপর বিশেষ জোর দিচ্ছে পৌরসভা।

অভিযান চলাকালীন সাধারণ মানুষকে সচেতন করে বক্তারা বলেন, কেবল পৌরসভার প্রচেষ্টায় মশা নির্মূল সম্ভব নয়; প্রত্যেক নাগরিককে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখতে হবে। বিশেষ করে ডাব বা নারিকেলের খোসা, টায়ার ও ফুলের টবে যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখার অনুরোধ জানানো হয়।

বেলকুচি পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পর্যায়ক্রমে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *