
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জে রাওয়ান বিন রমজান দাখিল মাদ্রাসা, পুটাইল-এর উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) বেলা ১১টায় মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নে অবস্থিত মাদ্রাসা প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করে মাদ্রাসা পরিচালনা পরিষদ।
মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ রায়হান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুটাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সোবহান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং ক্রীড়ার পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জনের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সদস্য সচিব মোসলেম উদ্দিন আহমেদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. দুলাল হোসেন এবং শিক্ষক মো. কামরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী ও বাংলা একাডেমির ফেলো মো. সাইদুর রহমান বয়াতী, মো. রফিজ উদ্দীন, ডা. মো. রফিকুল ইসলাম, মো. মোক্তার হোসেন, মো. রজ্জব আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
