সোমবার, এপ্রিল ৬

কেরানিগঞ্জের গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ড: ৫ জনের মরদেহ উদ্ধার

|| আলোকিত দৈনিক ডেস্ক ||

রাজধানীর অদূরে কেরানিগঞ্জের কদমতলী এলাকায় একটি গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

শনিবার (০৪ এপ্রিল) দুপুরে লাগা এই আগুন ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের প্রায় সোয়া এক ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টায় দুপুর ২টা ৩০ মিনিটে পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, দুপুর ১টা ১৩ মিনিটে কদমতলীর ওই গ্যাস লাইটার কারখানায় আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। আগুনের তীব্রতা বেশি হওয়ায় দ্রুততার সাথে সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন গণমাধ্যমকে জানান, ফায়ার সার্ভিসের কর্মীদের সাহসিকতা ও প্রচেষ্টায় আগুন চারদিকে ছড়িয়ে পড়া রোধ করা সম্ভব হয়েছে। তবে কারখানার ভেতর থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অগ্নিকাণ্ডের পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *