
|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||
‘কাজের খোঁজে বিদেশে যেতে আগ্রহী মানুষ দালালের হাতে টাকা তুলে দিচ্ছেন আর দালালরা তাদের ঠেলে দিচ্ছে মৃত্যুর মুখে। কেউ কেউ কাঙ্ক্ষিত দেশে পৌঁছাতে পারছেন, তবে বৈধ কাগজপত্র না থাকায় অনেককে কারাগারে অমানবিক অবস্থায় থাকতে হচ্ছে। কেউ কেউ মারা যাচ্ছেন সাগরে ডুবে, শিকার হচ্ছেন নির্যাতনের। পাচার কমাতে জনমনে সচেনতা গড়তে হবে। নিতে হবে সমন্বিত উদ্যোগ।’-এমন মন্তব্য করেছেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ‘Combating Human Trafficking through Strengthening 4Ps’ প্রকল্পের আওতায় আয়োজিত অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।
উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি থানার অফিসার ইন-চার্জ ইমাম জাফর, উপজেলা সমাজসেবা কর্মকতা দেবাশীষ ঘোষ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকতা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের প্রতিনিধিবৃন্দ, শিক্ষকবৃন্দ ও অন্যান্য অংশীজন।
মানবপাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা গড়ে তুলতে আয়োজিত এ মতবিনিময় সভার মূল প্রবন্ধ উপস্থাপনা করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান কার্যালয়ের ডেপুটি ম্যানেজার-অপারেশনস মো: শিহাবুল হোসেন। সভাটি সঞ্চালনা করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সিরাজগঞ্জের এমআরএসসি কো-অর্ডিনেটর প্রমা প্রিসিলা ম্রং।
উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্য সচিব হাসনাত জাহান বলেন, ‘প্রত্যন্ত এলাকার অনেক মানুষ বিদেশে গিয়ে অর্থনৈতিক ও সামাজিকভাবে স্বাবলম্বী হওয়া ব্যক্তিদের দেখে অনুপ্রাণিত হয়ে বিদেশে যেতে আগ্রহী হচ্ছে। কিন্তু তাদের মধ্যে অনেকেই প্রয়োজনীয় দক্ষতা ও ভাষাজ্ঞান ছাড়া, কিংবা অবৈধ উপায়ে বিদেশে যাওয়ার চেষ্টা কওে বিপদের মুখে পড়ছে।’
উল্লেখ্য, বিশ্বের সর্ববৃহৎ উন্নয়ন সংস্থা ব্র্যাক ১৯৭২ সাল থেকে মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ২০০৬ সাল থেকে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, মানবপাচার রোধে সচেতনতা বৃদ্ধি, বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনা করে আসছে।
