
|| নিজস্ব প্রতিবেদক ||
ইসলামী ঐক্য আন্দোলনের মুহতারাম কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া বলেছেন, ২৪-এর গণঅভ্যুত্থানে এতো মানুষের জীবন দেওয়ার পরেও দেশের বা দেশের মানুষের নীতি ও আদর্শের কোনো পরিবর্তন ঘটেনি, যা খুবই দুঃখজনক। দেশ শাসনের যে কালাকানুন ছিল তাই রয়ে গেল। শুধু কিছু চেহারার পরিবর্তন হলো। কিন্তু দেশ ও জাতির যে আদর্শিক সংকট, কোন আদর্শে দেশ শাসিত হবে, দেশের মানুষ পরিচালিত হবে; তা হলো না। ঘুনে ধরা ধোঁকাবাজির তন্ত্র মন্ত্রের এই আদর্শের পরিবর্তন না হওয়া পর্যন্ত দেশে শান্তি আসবে না। দেশের মানুষের ভাগ্যেরও কোনো পরিবর্তন হবে না। তাই, দেশ ও মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে ইসলামী অনুশাসন ছাড়া তা কখনোই সম্ভব নয়।
গতকাল শনিবার (২৮ মার্চ) বাদ মাগরিব রাজধানীর পুরানা পল্টনস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে মজলিসে আমলের নিয়মিত মাসিক বৈঠকে সভাপতির স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক এরশাদ উল্যাহ ভূঁইয়া আরো বলেন, ইসলামী অনুশাসন প্রতিষ্ঠা করতে হলে একটি পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব দরকার। দেশবাসী এমনটিই আশা করেছিলেন। কিন্তু যোগ্য নেতৃত্বের অভাবে তা সম্ভব হলো না। ইসলামের নামে তন্ত্র-মন্ত্রের এই রাজনীতির মাধ্যমে যা হচ্ছে তা শুধু কিছু ব্যক্তির আত্ব পরিচিতিই বাড়ছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। ২৪-এর গণঅভ্যুত্থানের পর, এ দেশের মানুষ এমনটিই আশা করেছিলেন; কিন্তু তা হয়নি। এ দেশের মানুষ মূখিয়ে আছেন ইসলামী অনুশাসনের জন্য। আর এটা করতে হলে একটি পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লবের বিকল্প কিছুই নাই। প্রচলিত গতানুগতিক ভোটাভুটির এই রাজনীতি বা জোট ভোটের এই রাজনীতি দিয়ে ইসলামী বিপ্লব হবে না। তাই আগামীতে যে বিপ্লবটি হবে তা হবে পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব। এজন্য মানুষের কাছে বেশি বেশি ইসলামী বিপ্লবের কথা উপস্থাপন করতে হবে।
সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় আমীর বলেন, সাম্প্রতি ইসলামী ইরানের উপরে যে অসম ও অন্যায়ভাবে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, তা অবিলম্বে বন্ধের আহ্বান জানাচ্ছি। আমরা ইসলামী ইরানের বিজয় চাই। মুসলিম উম্মাহর তথা মুসলিম দেশগুলোর উচিত, ইসলামী ইরানকে সমর্থন দেয়া, নৈতিকভাবে সাপোর্ট করা।
সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল জনাব মাোস্তফা তারেকুল হাসান সঞ্চালিত বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহাম্মাদ রুহুল আমীন, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফারুক আহমাদ, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব মোস্তফা বশীরুল হাসান, প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মাদ মহিব্বুল্লাহ ভূঞা, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ আবু বকর সিদ্দিক, তালীম ও তারবিয়াত সম্পাদক মুফতি মাওলানা মিজানুর রহমান আসলামী, অফিস সম্পাদক হাফেজ মাওলানা শহিদুল ইসলাম, মজলিসে আমলের সদস্য মাওলানা আনোয়ার হোসাইন, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক জনাব এফএম আলী হায়দার, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম রোকন, শিক্ষা সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা ক্বারী ওবায়দুল্লাহ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক এবং আমল সদস্য মওলানা আব্দুল কাদির।
কেন্দ্রীয় কর্মপরিষদের গুরুত্বপূর্ণ এই বৈঠকে বিগত মাসের গৃহীত ও বাস্তবায়িত কর্মসূচি পর্যালোচনা করা হয়। সেইসাথে আগামী ১১ এপ্রিল, ২০২৬ (শনিবার) মজলিসে শূরার অধিবেশনের তারিখ নির্ধারণপূর্বক এক মাসের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
বৈঠকে আন্দোলনের চট্টগ্রাম জেলা শাখার সেক্রেটারি অধ্যক্ষ জনাব মোহাম্মদ নাসির উদ্দীনের বড় ছেলে ইসলামী ঐক্য আন্দোলনের উদীয়মান নেতৃত্ব ঢাকাস্থ গ্রীন ইউনিভার্সিটির প্রভাষক মেধাবী ইঞ্জিনিয়ার মোহাম্মদ যোবায়ের আল নাহিয়ান (অনন্য) গত ১২ মার্চ, ২০২৬, বৃহস্পতিবার দিবাগত রাতে তারাবী নামাজের পর স্ট্রোক করে ইন্তেকাল করায় গভীর শোক জানানো হয় এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
