শুক্রবার, মার্চ ২৭

বেলকুচিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন

|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচিতে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শনের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে বেলকুচি উপজেলার সোহাগপুর নূতন পাড়া আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন বিশেষ আকর্ষণ সৃষ্টি করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান। অতিথিরা কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী দলগুলোর অভিবাদন গ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, বীর মুক্তিযোদ্ধা আসাদ আলী মাস্টার, বেলকুচি থানার অফিসার ইনচার্জ ইমাম জাফর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসফিয়া সাবেরিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক মন্ডল, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, সিরাজগঞ্জ জেলা বিএনপি সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন এবং বেলকুচি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান, সাধারণ সম্পাদক রেজাউল করিম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। এছাড়াও তারা মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

সার্বিকভাবে দিনব্যাপী কর্মসূচিতে স্থানীয় জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *