বুধবার, মার্চ ১১

২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বেলকুচিতে প্রস্তুতি সভা

|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||

২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৬ এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপন উপলক্ষে বেলকুচিতে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ) উপজেলা পরিষদ সভাকক্ষে বেলকুচি উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান।

সভায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, র‍্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি।

সভায় উপস্থিত কর্মকর্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে দিবসগুলো যথাযথ মর্যাদায় পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ উপলক্ষে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনকে সম্পৃক্ত করে নানা কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

সভায় এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসফিয়া সাবেরিন, উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর, এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ জাহিদ হোসেন,বীর মুক্তিযোদ্ধা আসাদ আলী মাস্টার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস. এম. গোলাম রেজা,বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জহুরুল ইসলাম, এবং বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সভা শেষে দিবস দুটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য সংশ্লিষ্ট সকল দপ্তরকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *