শুক্রবার, ফেব্রুয়ারি ২৭

বানারীপাড়ায় সরকারী ব্রিজের মালামাল পাচারকালে ছাত্রদল নেতাসহ আটক ২

|| আছিবুল ইসলাম | বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ||

বরিশালের বানারীপাড়ায় সরকারি ব্রিজের বিপুল পরিমাণ মালামাল চুরির ঘটনায় ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সন্ধ্যা নদীর মোহনায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলা সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. জিহাদ আকন (২০) ও তার সহযোগী মো. সানি (২২)।

পুলিশ জানায়, উপজেলার গাভা এলাকায় একটি পুরনো ব্রিজ ভেঙে নতুন ব্রিজ নির্মাণের কাজ চলছে। বুধবার রাতে ওই ব্রিজের চারটি লোহার রেলপাটি, ডিজেল ইঞ্জিন ও অক্সিজেন সিলিন্ডারসহ বিভিন্ন সরঞ্জাম একটি ট্রলারে করে পাচার করছিল একদল চোর। গোপন সংবাদের ভিত্তিতে বানারীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সিদ্ধার্থের নেতৃত্বে পুলিশ সদস্যরা সন্ধ্যা নদীর মোহনায় ওত পেতে থাকেন। ট্রলারটি সেখানে পৌঁছালে পুলিশ অভিযান চালিয়ে মালামালসহ ওই দুইজনকে আটক করে। তবে অন্ধকার ও নদীর সুযোগ নিয়ে চক্রের আরও কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়।

আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে চুরির কথা স্বীকার করেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে সরকারি সম্পদ বিনষ্ট ও চুরির সুনির্দিষ্ট অভিযোগে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেছে।

বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুজিবর রহমান জানান, সরকারি সম্পদ চুরির ঘটনায় অত্যন্ত গুরুত্বের সাথে পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ঘটনায় আটক দুইজনসহ ৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের বরিশাল জেলা আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *