বুধবার, ফেব্রুয়ারি ২৫

বেলকুচিতে ব্যাংক কর্মকর্তাদের তৎপরতায় দুই প্রতারক গ্রেফতার

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||

সিরাজগঞ্জের বেলকুচিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-র শাখায় প্রতারণা করতে এসে হাতেনাতে ধরা পড়েছেন দুই ব্যক্তি। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বেলকুচি শাখা থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- পাবনার ঈশ্বরদী এলাকার ৭০ বছর বয়সী মো. দুলাল হোসেন এবং বেড়া উপজেলার ৫০ বছর বয়সী মো. রফিকুল ইসলাম।

ব্যাংক কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সকালে ব্যাংক খোলার কিছুক্ষণের মধ্যেই ওই দুই ব্যক্তি ভেতরে প্রবেশ করেন। তাদের সন্দেহজনক ঘোরাঘুরি ও গতিবিধি দেখে কর্মকর্তাদের মনে খটকা লাগে। পরে তাদের আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হলে তারা স্বীকার করেন যে, এর আগেও এই শাখায় তারা প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়েছেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাৎক্ষণিকভাবে তাদের আটক করে বেলকুচি থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

আসন্ন ঈদকে সামনে রেখে জনাকীর্ণ ব্যাংক ও শপিংমলগুলোতে এ ধরনের প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন। সহজ-সরল গ্রাহকদের লক্ষ্য করে তারা কৌশলে টাকা লুটে নেয়।

ইসলামী ব্যাংক বেলকুচি শাখার দ্বিতীয় কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রাহকদের নিরাপত্তা ও সচেতনতার স্বার্থে তারা সর্বদা সতর্ক রয়েছেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *