শনিবার, ফেব্রুয়ারি ২১

মুকুন্দগাঁতীতে যানজট নিরসনে সড়ক ও বাসস্ট্যান্ড এলাকা পরিদর্শন করলেন এমপি আলীম

|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||

আমিরুল ইসলাম খান আলীম, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য, মুকুন্দগাঁতী এলাকায় দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে সরেজমিন পরিদর্শন করেছেন। ভ্যান, রিকশা, সিএনজি ও বাসের জন্য পরিকল্পিত ও স্থায়ী স্ট্যান্ড নির্মাণের উদ্যোগ গ্রহণের লক্ষ্যে সম্প্রতি তিনি এ পরিদর্শন কর্মসূচি পালন করেন।

পরিদর্শনকালে এমপি আলীম মুকুন্দগাঁতী বাসস্ট্যান্ড থেকে করিতলা পর্যন্ত সড়ক ও আশপাশের এলাকা ঘুরে দেখেন। এ সময় তিনি স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, “মুকুন্দগাঁতী বাজার ও আশপাশের এলাকায় প্রতিদিন বিপুল সংখ্যক যানবাহন চলাচল করে। কিন্তু নির্দিষ্ট স্ট্যান্ড না থাকায় এবং অপরিকল্পিতভাবে যানবাহন দাঁড় করানোর কারণে প্রায়ই তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। একটি পরিকল্পিত ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণ করা গেলে যানজট অনেকাংশে নিরসন সম্ভব হবে।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান, সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, বেলকুচি থানার অফিসার ইনচার্জ শেখ ফরিদ, জেলা বিএনপির সদস্য গোলাম আজম,উপজেলা বি এন পির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, সাবেক সদস্য সচিব বনি আমিন,পৌর বি এন পির সাবেক আহবায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক,সাবেক যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শফি,বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম এবং মুকুন্দগাঁতী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ যানজট সমস্যার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা জানান, সড়কের দুই পাশে অনিয়ন্ত্রিতভাবে যানবাহন দাঁড় করানো, ফুটপাত দখল এবং নির্দিষ্ট বাসস্ট্যান্ড না থাকায় প্রতিদিনই যানজট লেগে থাকে। বিশেষ করে হাটবার ও অফিস সময়গুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।

এমপি আলীম উপস্থিত সবার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং স্থানীয় প্রশাসন, ব্যবসায়ী প্রতিনিধি ও পরিবহন মালিকদের সঙ্গে সমন্বয় করে দ্রুত একটি কার্যকর ও টেকসই সমাধান গ্রহণের আশ্বাস দেন। তিনি সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় নকশা ও পরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছেন বলেও জানা গেছে।

স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, দ্রুত পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে মুকুন্দগাঁতীর দীর্ঘদিনের যানজট সমস্যার স্থায়ী সমাধান হবে এবং সাধারণ মানুষের চলাচলে স্বস্তি ফিরে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *