
|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||
নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দেশের মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি এবং উৎসব ভাতা প্রদানের ঘোষণা দিয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে সাংবাদিকদের এই সুখবর জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী শাহে আলম।
উপদেষ্টা মাহদী আমিন জানান, প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, আসন্ন ঈদুল ফিতরের আগেই পর্যায়ক্রমে এই সম্মানি ও ভাতা প্রদানের প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করা হবে। কার্যক্রমটি প্রাথমিকভাবে নির্দিষ্ট কিছু এলাকায় শুরু হলেও পরবর্তীতে তা পর্যায়ক্রমে সারাদেশের সকল খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের আওতায় নিয়ে আসা হবে।
এর আগে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, প্রধানমন্ত্রী হিসেবে এটি ছিল তারেক রহমানের তৃতীয় কর্মদিবস। এদিন তিনি প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করেন এবং কার্যালয়ে প্রবেশের আগে পুরাতন কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয়কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করছেন। এরই ধারাবাহিকতায় সংশ্লিষ্ট মন্ত্রীরা আজ বিভিন্ন পলিসি বা নীতিগত কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।
