বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯

রমজানে মানিকগঞ্জের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চড়া দাম

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

পবিত্র রমজান মাস শুরু হতে না হতেই মানিকগঞ্জের বিভিন্ন হাটবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে ভয়াবহ অস্থিরতা দেখা দিয়েছে। বিশেষ করে ইফতার ও সেহরিতে প্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ ক্রেতাদের নাভিশ্বাস উঠছে। মাত্র কয়েক দিনের ব্যবধানে কাঁচা মরিচ, লেবু, খেজুর ও শসার দাম কয়েক গুণ বৃদ্ধি পাওয়ায় বাজার নিয়ন্ত্রণে চরম অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

সরেজমিনে বাজার ঘুরে দেখা গেছে, সব পণ্যের মধ্যে দামের দিক থেকে সবচেয়ে বেশি লাফ দিয়েছে কাঁচা মরিচ। মাত্র দুই দিন আগেও মানিকগঞ্জের বাজারগুলোতে যে কাঁচা মরিচ ১২০ টাকা কেজি দরে বিক্রি হতো, বর্তমানে তা ২০০ টাকা ছাড়িয়ে গেছে। এছাড়া সাধারণ মানের বস্তা খেজুর, যা কিছুদিন আগে ১৮০ টাকায় পাওয়া যেত, তা এখন ২৪০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। আর উচ্চমানের খেজুরের দাম তো সাধারণের নাগালের বাইরে চলে গেছে, যা কেজিপ্রতি হাজার টাকার ওপরে বিক্রি হচ্ছে। স্বল্প সময়ের ব্যবধানে এই মূল্যবৃদ্ধিকে অসাধু ব্যবসায়ীদের কারসাজি হিসেবে দেখছেন ক্রেতারা।

রমজানে শরবতের জন্য অপরিহার্য লেবুর দাম এখন সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। মাত্র এক সপ্তাহ আগে যে লেবুর হালি ১৫ থেকে ১৭ টাকায় বিক্রি হয়েছে, বর্তমানে সেই লেবু কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ৭০ থেকে ৯৫ টাকা। মাঝারি ও বড় সাইজের এক হালি লেবুর দাম এখন প্রায় ১০০ টাকার কাছাকাছি। ইফতারের অনুষঙ্গ শসা ও বেগুনের দামও পাল্লা দিয়ে বেড়েছে।

সাধারণ ক্রেতাদের অভিযোগ, রমজান আসার সাথে সাথেই একদল অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকটের মাধ্যমে বাজার অস্থির করে তুলেছেন। সাধারণ মানুষের দাবি, এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে প্রশাসনের কঠোর বাজার মনিটরিং এখন সময়ের দাবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *