রবিবার, ফেব্রুয়ারি ১৫

‘আয়নাঘর’ থেকে জাতীয় সংসদে মানিকগঞ্জের কৃতি সন্তান ব্যারিস্টার আরমান

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

প্রতিকূল বাস্তবতা ও দীর্ঘ আট বছরের ‘আয়নাঘর’-এর বিভীষিকাময় অধ্যায় পেরিয়ে জাতীয় রাজনীতির মূল ধারায় অনন্য উচ্চতায় আসীন হয়েছেন মানিকগঞ্জের কৃতি সন্তান মীর আহমদ বিন কাসেম, যিনি ব্যারিস্টার আরমান নামে দেশব্যাপী পরিচিত। দীর্ঘ গুম অবস্থা থেকে মুক্তি পাওয়ার পর এবার সংসদীয় রাজনীতির অন্যতম আলোচিত মুখ হিসেবে আবির্ভূত হয়েছেন তিনি।

পেশাদার আইনজীবী ও আপসহীন মানবাধিকারকর্মী হিসেবে পরিচিত ব্যারিস্টার আরমান সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসন থেকে বিজয়ী হয়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে তিনি এই বড় জয় তুলে নেন। দীর্ঘ আট বছর গুম থাকার দুঃসহ স্মৃতি পেছনে ফেলে তার এই রাজনৈতিক প্রত্যাবর্তনকে সাধারণ মানুষ ও মানবাধিকার সংশ্লিষ্টরা ইতিবাচকভাবে দেখছেন।

ব্যারিস্টার আরমানের পারিবারিক ঐতিহ্যও রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে অত্যন্ত সুপরিচিত। তাঁর বাবা মীর কাসেম আলী ছিলেন জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা এবং এশিয়া মহাদেশের অন্যতম প্রভাবশালী অর্থনীতিবিদ হিসেবে স্বীকৃত।

মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার চালা গ্রামে জন্মগ্রহণ করা এই মেধাবী আইনজ্ঞ ছাত্রজীবন থেকেই রাজনীতির পাশাপাশি মানবাধিকার রক্ষায় সোচ্চার ছিলেন।

বিশেষ করে গুম ও বিচারবহির্ভূত নির্যাতনের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিতে এবং আইনি লড়াইয়ে নিজেকে সবসময় যুক্ত রেখেছেন তিনি। সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর এখন তিনি সেই লড়াইকে রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে যেতে পারবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা। মানিকগঞ্জ ও ঢাকা-১৪ আসনের সাধারণ মানুষ এখন তাদের এই কৃতি সন্তানের মাধ্যমে সংসদে সত্য ও ন্যায়ের কণ্ঠস্বর শোনার অপেক্ষায় রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *