মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০

মানিকগঞ্জে আ.লীগের আদর্শের সাথে দ্বিমত পোষণ করে ৩ ইউপি সদস্যের পদত্যাগ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

রাজনৈতিক মতাদর্শের অমিল এবং ব্যক্তিগত কারণ দেখিয়ে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদসহ সকল সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করেছেন মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়ন পরিষদের তিন প্রভাবশালী সদস্য। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এই ঘোষণা দেন।

পদত্যাগকারী জনপ্রতিনিধিরা হলেন—বেতিলা মিতরা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের টানা তিনবারের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ বিল্লাল হোসেন, ৩নং ওয়ার্ডের চারবারের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মুহাম্মদ মুনছের আলী এবং ৫নং ওয়ার্ডের টানা ছয়বারের নির্বাচিত সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ জাকির হোসেন। সংবাদ সম্মেলনে তারা দলটির সকল সাংগঠনিক দায়িত্ব ও প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতির লিখিত আবেদন তুলে ধরেন।

লিখিত বক্তব্যে তারা জানান, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত থাকলেও বর্তমানে দলের মতাদর্শের সাথে তাদের চিন্তাধারার মিল পাওয়া যাচ্ছে না। এছাড়া শারীরিক অসুস্থতা ও পারিবারিক নানা সমস্যার কারণে তারা স্বেচ্ছায় ও সুস্থ মস্তিষ্কে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। সংবাদ সম্মেলনে পদত্যাগকারী এই তিন সদস্য স্পষ্ট করে জানান, ভবিষ্যতে তারা অন্য কোনো রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত হবেন না। তবে এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে সাধারণ মানুষের সেবামূলক কার্যক্রম ও সামাজিক দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।

দীর্ঘদিন ধরে এলাকার রাজনীতিতে সক্রিয় থাকা এই তিন জন প্রবীণ জনপ্রতিনিধির একযোগে পদত্যাগের ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *