রবিবার, ফেব্রুয়ারি ৮

রাজশাহীতে র‍্যাবের অভিযান: ৫৬টি দেশীয় অস্ত্র উদ্ধার, নির্বাচন ঘিরে তৎপরতা অব্যাহত

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনার লক্ষ্যে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী কর্মকাণ্ড দমন, সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধ, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করাই র‍্যাবের মূল লক্ষ্য।

রাজশাহীর বাগমারা উপজেলায় র‍্যাব-৫ এর একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী প্রাথমিকভাবে মনে করছে, এই অস্ত্রগুলো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এর সময় সহিংসতা সৃষ্টির বা এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে মজুদ করা হতে পারে।

র‍্যাব সূত্রে জানা গেছে, ০৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত ২৩:৩০ মিনিটে সিপিএসসি, র‍্যাব-৫ এর একটি দল বাগমারা থানাধীন বইকুড়ি সরদারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি স্থানে গোপনে রাখা ৫৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে—
ছুরি: ১৬টি
চাপাতি: ৪টি
হাসুয়া: ৪টি
কুঠার সদৃশ টাঙ্গি: ৩২টি

র‍্যাব জানায়, উদ্ধারকৃত আলামতগুলো নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এসব অস্ত্র বাগমারা থানায় হস্তান্তর করা হয়।

র‍্যাবের প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে, আসন্ন নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কোনো চক্র নির্বাচনী এলাকা এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি, প্রভাব বিস্তার বা আধিপত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে এসব দেশীয় অস্ত্র গোপনে সংরক্ষণ করেছিল।

এ ঘটনায় জড়িত ব্যক্তি ও চক্র শনাক্ত করতে র‍্যাব-৫ এর গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত অস্ত্রগুলোর উৎস এবং এগুলো কেন বা কাদের দ্বারা মজুদ করা হয়েছিল তা নিশ্চিত করতে প্রয়োজনীয় অনুসন্ধান কার্যক্রমও চলছে।

র‍্যাব আরও জানিয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের অভিযান আগামীতেও নিয়মিতভাবে চলবে। অপরাধী ও সহিংস চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রেখে দেশের শান্তি ও নিরাপত্তা রক্ষা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *