শনিবার, ফেব্রুয়ারি ৭

আলীমকে বিজয়ী করলে মন্ত্রী পাবেন: নিলোফার চৌধুরী মনি

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ–৫ (বেলকুচি–চৌহালী ও এনায়েতপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলীমের সমর্থনে চৌহালী ডিগ্রি কলেজ মাঠে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকাল আড়াই টায় চৌহালী উপজেলা বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে এ জনসভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন চৌহালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জাহিদ মোল্লা এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ–সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি বলেন, “আপনাদের কপাল ভালো, আপনারা সোনার টুকরা ছেলে পেয়েছেন। আলীমকে যদি ভোট দিয়ে জয়যুক্ত করেন, তাহলে আপনারা একজন মন্ত্রী পাবেন।”

তিনি আরও বলেন, “আমি এসেছি তারেক রহমানের পক্ষ থেকে ধানের শীষে ভোট চাইতে। আলীম নির্বাচিত হলে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আপনাদের জন্য বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।”

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম। তিনি বলেন, “দীর্ঘদিন আপনারা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন। এবার আমরা ভোটকেন্দ্র পাহারা দিয়ে জনগণের ভোটাধিকার নিশ্চিত করবো।”

তিনি আরও বলেন, “ভবিষ্যতে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে তাকে এই এলাকায় এনে চৌহালীর মানুষের দীর্ঘদিনের দাবি রক্ষা বাঁধ নির্মাণ করা হবে।” তিনি উপস্থিত নেতাকর্মীদের প্রতি শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামানসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ–সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *