
|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||
“ভোট দেব ধানের শীষে, দেশ গড়ব মিলে মিশে”—বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত এই স্লোগানকে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দৌলতপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া জনসভায় সভাপতিত্ব করেন দৌলতপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা বিপ্লব।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি–চৌহালী ও এনায়েতপুর) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম।
প্রধান অতিথির বক্তব্যে আমিরুল ইসলাম খান আলীম বলেন, “আমরা ভাড়াটিয়া লোক দিয়ে সমাবেশ করি না। এখানে উল্লাপাড়া বা শাহজাদপুরের কোনো লোক নেই—এখানে শুধুই বেলকুচির মানুষ। এটাই আমাদের শক্তি।”
তিনি আরও বলেন, “অনেক সন্ত্রাসী আজ মাঠে নেমেছে। নাম বললে বলা যেত, কিন্তু আজ বললাম না। ভবিষ্যতে যদি কাউকে হুমকি দেওয়া হয়, তাহলে ছাড় দেওয়া হবে না। আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি চাই না। বেলকুচি-চৌহালীর মানুষ যাকে ভোট দেবে, আমরা সেটাই মাথা পেতে নেবো।”
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “একটি মহল ষড়যন্ত্রের চেষ্টা করছে, কিন্তু আমরা তা প্রতিহত করবো। আগামী ১২ তারিখ স্বাধীনতা রক্ষার দিন। স্বাধীনতা রক্ষার জন্য ১১ তারিখ থেকেই ভোটকেন্দ্রে জাতীয় পতাকা বেঁধে পাহারা দিতে হবে। তা না হলে স্বাধীনতা হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূঁইয়া, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন, পৌর বিএনপির আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
জনসভাটি সঞ্চালনা করেন দৌলতপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজিজুল হক পলাশ।
জনসভা শেষে নেতাকর্মীরা “বাংলাদেশ জিন্দাবাদ” ও “ধানের শীষে ভোট দিন” স্লোগানে এলাকা মুখরিত করে তোলে।
