বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫

“ধানের শীষে দেশ গড়ব মিলে মিশে”—চর নিশিবয়ড়ায় বিএনপির নির্বাচনী জনসভা

|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত স্লোগান “ধানের শীষে দেশ গড়ব মিলে মিশে” সামনে রেখে সিরাজগঞ্জ–৫ (বেলকুচি–চৌহালী) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বেলকুচি উপজেলার ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ড চর নিশিবয়ড়ায় এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে চর নিশিবয়ড়া ঈদগাহ মাঠে আয়োজিত এ জনসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। জনসভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান সূচনা করা হয়।

জনসভায় সভাপতিত্ব করেন চর নিশিবয়ড়া গ্রামের বিশিষ্ট ব্যক্তি হাজী ওসমান গনী চৌধুরী। সভার প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ–৫ (বেলকুচি–চৌহালী) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের কান্ডারী আমিরুল ইসলাম খান আলীম।

বক্তব্যে আমিরুল ইসলাম খান আলীম বলেন, “দেশ আজ এক চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার ফিরিয়ে আনা এবং জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। ধানের শীষই পারে জনগণের মুক্তি নিশ্চিত করতে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনোয়ার চৌধুরী বাবু।

বক্তারা বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর আজ দেশ একটি নির্ণায়ক নির্বাচনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। এই নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে জনগণের সরকার প্রতিষ্ঠা করার আহ্বান জানান তারা।

জনসভায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন বেলকুচি কলেজের সাবেক সিনিয়র সহ-সভাপতি আসলাম আকন্দ। সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজান।

অনুষ্ঠানের শেষপর্বে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, চর নিশিবয়ড়া গ্রামবাসীর উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়েছে এবং আগামীতেও ধারাবাহিকভাবে নির্বাচনী কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *