রবিবার, ফেব্রুয়ারি ১

মহারাজপুরে জামায়াতের নারী সমাবেশে লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক মহিলা নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেন, যারা ক্ষমতায় যাওয়ার আগেই মা-বোনের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ, তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মানুষের জান ও সম্পদের নিরাপত্তা রক্ষা করতে পারবে—এমন আশা করা যায় না।

তিনি অভিযোগ করেন, নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকেই প্রতিপক্ষের কর্মী-সমর্থকদের ওপর একের পর এক হামলার ঘটনা ঘটলেও নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। এতে জনমনে প্রশ্ন ও অনাস্থা তৈরি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে এসব সহিংস ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শুক্রবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত এ সমাবেশে তিনি আরও বলেন, কমিশন ও প্রশাসন যদি কোনো দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করে, তবে জনগণের অধিকার রক্ষায় জামায়াতে ইসলামী জনগণের পক্ষেই অবস্থান নেবে।

মহারাজপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার সাইফুল্লাহ হায়দারের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আছাফুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট মোস্তাফিজুর রহমান, জেলা শূরা সদস্য মাওলানা আবু তাহের, কয়রা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে মাওলানা আবুল কালাম আজাদ বলেন, দেশ ও জাতির প্রকৃত কল্যাণের জন্য সৎ, যোগ্য ও নীতিবান নেতৃত্বের বিকল্প নেই। ইসলামী মূল্যবোধের আলোকে ন্যায়ভিত্তিক সমাজ ও কল্যাণরাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, সব দলের জন্য সমান সুযোগ না থাকলে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। একই সঙ্গে আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে নারী ভোটারদের সক্রিয় সমর্থন কামনা করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *