
|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বেলকুচিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেলকুচি উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে বেলকুচি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি শেষে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক মন্ডল, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন, বেলকুচি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম, মুকুন্দগাঁতী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়া, উপজেলা যুবদলের আহবায়ক শামীম সরকার এবং সদস্য সচিব আলম প্রামানিক।
বক্তারা বলেন, ওসমান হাদির ওপর হামলার ঘটনা স্বাধীন মতপ্রকাশ ও গণতান্ত্রিক আন্দোলনের ওপর সরাসরি আঘাত। তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে দেশব্যাপী বিরোধী মত দমনের অপচেষ্টা বন্ধ করার আহ্বান জানান নেতারা।
বক্তারা আরও বলেন, বিএনপি শান্তিপূর্ণ রাজনৈতিক আন্দোলনে বিশ্বাসী। কিন্তু জনগণের কণ্ঠরোধের চেষ্টা করলে রাজপথে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
সমাবেশে উপজেলা ও পৌর বিএনপি ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
