Wednesday, July 15

ঈদের আগে আজই শেষ ব্যাংকিং লেনদেন

|| নিউজ ডেস্ক ||

আসন্ন ঈদের টানা ৯ দিনের ছুটির আগে বৃহস্পতিবার (২৭ মার্চ) শেষ হচ্ছে স্বাভাবিক ব্যাংকিং লেনদেন। আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে সাপ্তাহিক, ঈদের ও বিশেষ ব্যবস্থার ছুটি। এই ছুটি শেষে ব্যাংক খুলবে আগামী রবিবার (৬ এপ্রিল)। তবে এর মধ্যে আগামীকাল শুক্রবার ও শনিবার বিশেষ ব্যবস্থায় গার্মেন্টস এলাকাগুলোতে সীমিত সময়ের জন্য ব্যাংকগুলোর কিছু শাখা খোলা থাকবে। এছাড়া ঈদের ছুটিতে এটিএম বুথ, অনলাইন ও মোবাইল ব্যাংকিং সেবা সার্বক্ষণিকভাবে খোলা থাকবে।

সূত্র জানায়, আগে ঈদুল ফিতরের ছুটি থাকত সাধারণত তিনদিন। তবে এবার তা বাড়িয়ে পাঁচদিন করা হয়েছে। এতে আগে-পিছে দুই দফা সাপ্তাহিক ছুটি পড়ায় লম্বা হয়েছে ঈদের ছুটির তালিকা।

ঈদের আগে বৃহস্পতিবার (২৭ মার্চ) শেষ ব্যাংকিং লেনদেন হওয়ায় ব্যাংকগুলোয় বেশ ভিড় থাকবে বলে জানিয়েছেন ব্যাংকাররা। এদিন ব্যাংক থেকে নগদ টাকা তোলা, ঋণের অর্থ ছাড় করা, রেমিট্যান্সের ডলার ভাঙানো, সঞ্চয়পত্র ভাঙানো, মুনাফা উত্তোলনসহ সব ধরনের ব্যাংকিং কাজ করা যাবে। এজন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে ব্যাংকগুলো।

এদিকে, কলমানিসহ কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার নিয়ে টাকার জোগান বাড়িয়েছে। ঈদের আগে গ্রাহকদের টাকা দেওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে তারল্যের জোগান দেওয়া হয়েছে। তবে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর তদারকির কারণে বরাবরের মতো এবারও কলমানি মার্কেটে সুদের হার বেশি বাড়তে পারেনি। এখনো সুদের হার ১০ থেকে ১২ শতাংশের মধ্যে রয়েছে।

আজ ব্যাংকগুলোয় নগদ টাকার বেশি চাহিদা থাকলেও কলমানির সুদের হার আগের মতোই স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন ব্যাংকগুলোর তহবিল ব্যবস্থাপকরা। কারণ, ব্যাংকগুলো গ্রাহকদের নগদ টাকার চাহিদা মেটাতে আগে থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি রেখেছে।

অন্যদিকে, ঈদের আগে ২৮ মার্চ শুক্রবার ও ২৯ মার্চ শনিবার বিশেষ ব্যবস্থায় কিছু এলাকায় ব্যাংকের শাখা সীমিত সময়ের জন্য খোলা থাকবে। এর মধ্যে শুক্রবার লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। শনিবার লেনদেন হবে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত। এ দুইদিন ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের কিছু এলাকায় ব্যাংকের শাখা খোলা থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *