মঙ্গলবার, এপ্রিল ৭

১০টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত ও নৃত্যকলা বিভাগের সমন্বয়ে ছায়ানটের ‘সম্মিলিত অভিযাত্রা’

|| আলোকিত দৈনিক | বিনোদন ডেস্ক ||

দেশের ১০টি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত ও নৃত্যকলা বিভাগের সমন্বয়ে ছায়ানট এ বছরে একটি দিনব্যাপী সঙ্গীত সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে।

৬ এপ্রিল ২০২৬ (সোমবার) সকালে ছায়ানট সংস্কৃতি ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনায়তন কক্ষে আয়োজিত, মতবিনিময় সভায় এমনটি জানা গেছে। উপস্থিত সকলে মনে করেন যে, এটি স্বেচ্ছাসেবার মাধ্যমে দেশজুড়ে শুদ্ধ সুর-সঙ্গীত ছড়িয়ে দেবার একটি ফলপ্রসূ উদ্যোগ হিসেবে বিবেচিত হবে। পাশাপাশি রাষ্ট্রের কাছে বলিষ্ঠ আহ্বান জানানো হয়, অবিলম্বে শিশুস্তর থেকেই সকল শিক্ষালয়ের সর্বস্তরে সঙ্গীতশিক্ষা কার্যক্রম ও পাঠ্যক্রমের সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে সঙ্গীত অনুচ্ছেদ অন্তর্ভুক্ত করার।

সংস্কৃতি মন্ত্রণালয় ইতোমধ্যে প্রাথমিক স্তরে সঙ্গীতশিক্ষার ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে বলে এই সভা সন্তোষ প্রকাশ করে।

সভায় আমন্ত্রিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিগণ নিজেদের অভিজ্ঞতা, সংকট, সম্ভাবনা ও ভাবনার কথা শেয়ার করেন। এবং সকলেই নির্বিঘ্ন সঙ্গীতচর্চা অব্যাহত রাখবার বিষয়ে গুরুত্ব দেন। সকলেই মনে করেন সম্মিলিত প্রচেষ্টা এককালীন নয় বরং এরমধ্যে দিয়ে নবোদ্যমে সাংস্কৃতিক অভিযাত্রার সূচনা হবে।

এই মর্মে সকলেই সংকল্পবদ্ধ হয়েছেন যে, মানবসমাজে সুখ-শান্তি বিস্তারে, সকলে নির্বিঘ্ন সঙ্গীতসাধনা ও প্রসারে যুথবদ্ধ হয়ে কাজ করবেন; গড়ে তুলবেন স্বেচ্ছাসেবক নবীন শিক্ষার্থী ও শিষ্য, যারা প্রাথমিকভাবে জাতীয় সঙ্গীতের প্রকৃত সুর, দেশের ইতিহাসের পরিচায়ক দেশাত্মবোধক গান, জাগরণী গান, সম্প্রীতির গান এবং বাংলার ঋতুভিত্তিক সঙ্গীতের সাধনা সাধারণ্যে সুবিস্তৃত করবেন।

মহতি সভায় সভাপতিত্ব করেন ছায়ানটের সভাপতি ডা. সারওয়ার আলী। ছায়ানটের আমন্ত্রণ গ্রহণ করে সভায় অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের চেয়ারম্যান ড. প্রিয়াংকা গোপ, সহযোগী অধ্যাপক আজীজুর রহমান তুহিন, সহযোগী অধ্যাপক ড. সাইম রানা ও নৃত্যকলা বিভাগের প্রভাষক মাহনাজ রহমান, প্রভাষক লাবনী বন্যা; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. ঝুমুর আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের সভাপতি, সহকারী অধ্যাপক- মিশকাতুল মমতাজ মুমু এবং সহকারী অধ্যাপক এ কে এম কৌশিক আহমেদ; রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. সোনিয়া শারমিন খান, প্রভাষক রিফাহ্‌ নানজিবা প্রমা; নজরুল বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুশান্ত কুমার সরকার, অধ্যাপক জাহিদুল কবির; রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের প্রভাষক ঋত্বিক মাহমুদ, প্রভাষক ইন্দ্রানী মোদক; ইউনিভার্সিটি অব ডেভেলপমেণ্ট অলটারনেটিভ (ইউডা) বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক অসিত কুমার দে, সহযোগী অধ্যাপক ড. শেখর মন্ডল; রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের প্রভাষক আফরোজা রূপা, প্রতিনিধি মো. আক্কাস হোসাইন; শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের প্রভাষক সুমন মুহাম্মদ হাফিজ, প্রদর্শক, কমল কান্তি মালো; রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর সঙ্গীত বিভাগের প্রভাষক তুষার মাহমুদ, প্রভাষক সানিতা তাবাসসুম এবং ছায়ানটের দুই সহ-সভাপতি খায়রুল আনাম শাকিল, পার্থ তানভীর নভেদ্ ও সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *