
|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||
শারীরিক অসুস্থতা জয় করে হাসপাতাল থেকে ফিরেই নির্বাচনী ময়দানে নেমে পড়েছেন উল্লাপাড়া-সলঙ্গা আসনের বিএনপি নেতা আফছার উদ্দিন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম আকবর আলীকে বিজয়ী করতে দিনরাত প্রচার-প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি।
রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সলঙ্গার রামকৃষ্ণপুর ইউনিয়নের দবিরগঞ্জ বাজার, সুতাহাটি বাজার, চৈত্রহাটি বাজার, মাহমুদপুর বাজার ও অলিদহ বাংলা বাজারসহ বিভিন্ন পাড়া-মহল্লায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যান রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক আফছার উদ্দিন।
গণসংযোগকালে সাধারণ মানুষের দুঃখ-দুর্দশার কথা শুনে তিনি আশ্বাস দেন যে, ধানের শীষের প্রার্থী এম আকবর আলী নির্বাচিত হলে অত্র অঞ্চলের সকল সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে। এ সময় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে আফছার উদ্দিন বলেন, “গত ২৭ জানুয়ারি ষষ্ঠবারের মতো স্ট্রোক করে আমি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। মহান আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের আন্তরিক দোয়ায় সুস্থ হয়ে আবারও আপনাদের মাঝে ফিরে আসতে পেরেছি। আপনাদের এই ভালোবাসা ও স্বতঃস্ফূর্ততা আমাকে মুগ্ধ করেছে।”
তিনি আরও বলেন, উল্লাপাড়া-সলঙ্গার উন্নয়নের রূপকার এম আকবর আলীর পক্ষে রায় দিলে এই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন হবে।
প্রচারণাকালে উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবু মুসা সরকার, কেন্দ্র পরিচালনা কমিটির আহ্বায়ক হাফিজুর রহমান সরকার, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক পদপ্রার্থী আব্দুল মালেক মেম্বর, থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুল ইসলাম আসাদ, যুগ্ম আহ্বায়ক এম আরিফুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাসুদ রানা এবং থানা সাইবার দলের সাংগঠনিক সম্পাদক সোহেল রানাসহ স্থানীয় বিপুলসংখ্যক নেতাকর্মী।
উল্লেখ্য, অসুস্থতা কাটিয়ে প্রবীণ এই নেতার মাঠে ফেরায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মাঝে নতুন করে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
