
|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রাম-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম অভিযোগ করেছেন, দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি জনমানুষের ক্রমবর্ধমান আস্থা ও ভালোবাসা দেখে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে। মঙ্গলবার সন্ধ্যায় নাগেশ্বরী উপজেলার কামার পাড়াস্থ উপজেলা জামায়াতের কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
অধ্যাপক আনোয়ারুল ইসলাম বলেন, নির্বাচনী এলাকায় জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের বিভিন্নভাবে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। একটি বিশেষ মহল ভোটারদের দ্বারে দ্বারে টাকা, শাড়ি ও লুঙ্গি বিতরণ করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা চালাচ্ছে। তিনি নির্বাচনের এই নেতিবাচক প্রভাব বন্ধ করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন এবং সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সত্য তুলে ধরার আহ্বান জানান।
উক্ত মতবিনিময় সভায় গণ অধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী বিন ইয়ামীন মোল্লা উপস্থিত হয়ে অধ্যাপক আনোয়ারুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে সমর্থন ঘোষণা করেন। তিনি বলেন, এলাকার মানুষের ভাগ্য পরিবর্তন এবং অনুন্নত রাস্তাঘাটের উন্নয়নের স্বার্থেই আমি জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়েছি। তবে একটি স্বার্থান্বেষী মহল কালো টাকা ছড়িয়ে নির্বাচনী মাঠ কলুষিত করছে বলে তিনি অভিযোগ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক আব্দুল মান্নান মিয়া, সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, কুড়িগ্রাম জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিয়া, সাবেক পৌর আমীর আফজাল হোসেন সরকার, পৌর আমীর মকবুল হোসেন এবং সেক্রেটারি বেলাল মাস্টারসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীবৃন্দ।
