রবিবার, ফেব্রুয়ারি ১

সুন্দর ও শিক্ষিত জাতি গঠনে শিক্ষকদেরকেই দায়িত্ব নিতে হবে: লিডিং ইউনিভার্সিটির উপাচার্য

|| নিজস্ব প্রতিবেদক ||

সুন্দর ও সঠিক শিক্ষায় শিক্ষিত জাতি গঠনে শিক্ষকদেরকেই মূল দায়িত্ব নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য আয়োজিত ‘ফাউন্ডেশন ট্রেইনিং প্রোগ্রাম’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বিশ্ববিদ্যালয়ের রাগীব আলী ভবনের গ্যালারী-১ এ আয়োজিত এই অনুষ্ঠানে উপাচার্য শিক্ষকদের একাডেমিক প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের বাস্তবসম্মত শিক্ষা প্রদান এবং তারা যেন কর্মক্ষেত্রে জ্ঞান ও অভিজ্ঞতা প্রদর্শন করতে পারে, সেভাবে তাদের গড়ে তুলতে হবে। শিক্ষক নিয়োগে ভালো সিজিপিএ-কে গুরুত্ব দেওয়া হলেও একজন সফল শিক্ষক হতে হলে শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণ করার দক্ষতা সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। পাঠদান প্রক্রিয়াকে আরও প্রাণবন্ত ও ইন্টারেক্টিভ করার পরামর্শ দিয়ে তিনি বর্তমান ইন্ডাস্ট্রির চাহিদা ও প্রয়োজন অনুযায়ী শিক্ষাক্রম তৈরির ওপর জোর দেন।

উপাচার্য আরও উল্লেখ করেন যে, শিল্পের পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে প্রশিক্ষণের বিকল্প নেই এবং প্রতিষ্ঠানের উন্নয়নে ইনসার্ভিস ট্রেনিং অত্যন্ত জরুরি। দক্ষ ক্লাসরুম ব্যবস্থাপনার জন্য তিনি শিক্ষকদের পূর্ব প্রস্তুতি নিয়ে পাঠদানে যাওয়ার পরামর্শ দেন।

লিডিং ইউনিভার্সিটির আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম এবং ছাত্রকল্যাণ উপদেষ্টা প্রফেসর ডা. মো. আব্দুল মজিদ মিয়া।

অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ও আইকিউএসি-এর পরিচালক ড. মো. রেজাউল করিম এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ সাহিদুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *