সোমবার, মার্চ ১৬

সিলেবাস শেষ করতে মাদরাসায় অতিরিক্ত ক্লাসের নির্দেশ মন্ত্রণালয়ের

|| আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||

পবিত্র রমজানের দীর্ঘ ছুটির কারণে পড়ালেখার ক্ষতি পুষিয়ে নিতে কারিগরি ও মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণ পাঠ্যসূচি (সিলেবাস) শেষ করতে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।

মাদরাসা শিক্ষা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ ড. মোহাম্মদ হেদায়েত উল্লাহ এবং প্রকাশনা নিয়ন্ত্রক প্রফেসর এফ এম শাকিরুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কর্মপরিকল্পনার কথা জানানো হয়।

শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, একটি বাস্তবসম্মত ও পূর্ণ পাঠ্যসূচি সমাপন কর্মপরিকল্পনা এবং কর্মকৌশল প্রণয়ন করতে হবে। এই পরিকল্পনাটি যাতে সঠিকভাবে বাস্তবায়িত হয়, তা তদারকি ও নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া গৃহীত পদক্ষেপগুলো সম্পর্কে মন্ত্রণালয়কে নিয়মিত অবহিত করার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৯ ফেব্রুয়ারি ২০২৬ (১লা রমজান) থেকে ছুটি শুরু হওয়ায় নিয়মিত পাঠদান বন্ধ রয়েছে। দীর্ঘ এই ছুটির ফলে পাঠ্যসূচিতে যে ঘাটতি তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে প্রতিষ্ঠান খোলার পর অতিরিক্ত ক্লাস নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় ও মাদরাসা শিক্ষা বোর্ড এই নির্দেশনা বাস্তবায়নে সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে নিজস্ব কর্মপরিকল্পনা তৈরি করতে বলা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারীকৃত এই নির্দেশনাটি অবিলম্বে বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *