বুধবার, ফেব্রুয়ারি ১৮

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

|| আলোকিত দৈনিক ডেস্ক ||

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় তিনি এই ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারসহ দেশের সকল বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনে একযোগে সম্প্রচার করা হবে।

এর আগে আজ বুধবার দুপুর থেকে সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন প্রধানমন্ত্রী। দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ের ১ নম্বর ভবনের (মন্ত্রিপরিষদ ভবন) নির্ধারিত দপ্তরে প্রথম কর্মদিবসের কাজ শুরু করেন তিনি। দাপ্তরিক কাজের শুরুতেই তিনি মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন এবং একটি সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেন।

দিনের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। বেলা ১১টার দিকে পুষ্পস্তবক অর্পণের পর তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মরণ করেন। এরপর নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে তিনি আবারও স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান।

সাভার থেকে ফিরে তিনি রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বিকেল ৩টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বিশেষ বৈঠকে বসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এটিই হবে নতুন সরকারের প্রথম নীতিনির্ধারণী বৈঠক। এরপর বিকেল ৪টায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গেও তার মতবিনিময়ের কর্মসূচি রয়েছে।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান। একই অনুষ্ঠানে তার সঙ্গে ৪৯ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *