বৃহস্পতিবার, মার্চ ১৯

শ্যাম কিশোর স্কুলে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সোহাগপুর সরকারি শ্যাম কিশোর পাইলট উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকাল ৫টায় বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের এক মিলনমেলায় পরিণত হয় পুরো পরিবেশ। দীর্ঘদিন পর একত্রিত হয়ে সহপাঠীদের সঙ্গে দেখা হওয়ার আনন্দে আবেগঘন হয়ে ওঠেন অনেকেই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি হাজী জামাল উদ্দিন ভূইয়া এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান।

আলোচনা সভায় বক্তারা বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল অতীত, বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, একটি শক্তিশালী ও সক্রিয় অ্যালামনাই নেটওয়ার্ক গড়ে তুলতে পারলে শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে। একই সঙ্গে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় অ্যালামনাই সদস্যদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুল মজিদ খাঁন, গাজী সাইদুর রহমান, খায়রুল বাসার, যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার চৌধুরী বাবু, কোষাধ্যক্ষ শামসুজ্জামান অপু, দপ্তর সম্পাদক বদিউজ্জামান, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আলী মোস্তফা, প্রচার সম্পাদক আতিকুল আমিন রিজন, অধ্যক্ষ শামীম সরকার এবং বিশিষ্ট সমাজসেবক হাজী আকছেদ আলী প্রামানিকসহ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষকবৃন্দ, বিভিন্ন পেশায় নিয়োজিত প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরবর্তীতে অংশগ্রহণকারীদের উপস্থিতিতে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার মাহফিল সম্পন্ন হয়।
পুরো আয়োজনটি ছিল সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক বন্ধনের এক অনন্য উদাহরণ, যা উপস্থিত সকলের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *