শনিবার, ফেব্রুয়ারি ২১

শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে তিনি এই শ্রদ্ধা জানান।

রাত ১২টায় প্রথমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। রাষ্ট্রপতির পর প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে প্রধানমন্ত্রী সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন।

পুষ্পস্তবক অর্পণ পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী উপস্থিত হাজারো মানুষের সঙ্গে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাতে অংশ নেন। এরপর তিনি মন্ত্রিসভার সদস্য ও তাঁর উপদেষ্টাদের সঙ্গে নিয়ে আবারও শ্রদ্ধা নিবেদন করেন। সরকারি আনুষ্ঠানিকতা শেষে বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে দলগতভাবে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।

একুশের প্রথম প্রহর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনার ও এর আশপাশের এলাকা সর্বস্তরের মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সাধারণ মানুষও সারিবদ্ধভাবে শহীদ মিনারের মূল বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *