বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫

রাজশাহীতে র‍্যাবের বিশেষ অভিযান: তাজা গুলিসহ অবৈধ অস্ত্র উদ্ধার

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||

রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে একাধিক অবৈধ আগ্নেয়াস্ত্র ও পিস্তলের তাজা গুলি উদ্ধার করেছে র‍্যাব-৫। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি রিভলবার, একটি ওয়ান শুটারগান, দুটি এয়ারগান এবং ২০ রাউন্ড পিস্তলের তাজা গুলি। এসব অস্ত্র অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল বলে আইনশৃঙ্খলা বাহিনী ধারণা করছে।

র‍্যাব-৫ সূত্র জানায়, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠার পর থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সন্ত্রাসবাদ, অবৈধ অস্ত্র, মাদক কারবার, ছিনতাই ও সংগঠিত অপরাধের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে আসছে। জননিরাপত্তা নিশ্চিত করতে রাজশাহী অঞ্চলেও র‍্যাব-৫ নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান জোরদার করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র‍্যাব-৫ এর একটি গোয়েন্দা দল জানতে পারে যে, রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন পুরাতন ফুলকিপাড়া এলাকায় কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এবং তাদের কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র থাকতে পারে। প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাই ও সম্ভাব্য অপরাধ প্রতিরোধের লক্ষ্যে একটি আভিযানিক দল গঠন করা হয়।

এরপর ০৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে র‍্যাব-৫ এর আভিযানিক দলটি উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় র‍্যাবের উপস্থিতি বুঝতে পেরে ঘটনাস্থলে থাকা সন্দেহভাজন ব্যক্তিরা দ্রুত পালিয়ে যায়। তবে র‍্যাব সদস্যরা এলাকায় অবস্থান নিয়ে স্থানীয় নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে ব্যাপক তল্লাশি চালান।

তল্লাশির এক পর্যায়ে ঘটনাস্থল থেকে একটি হলুদ রঙের বস্তা ও একটি লাল রঙের শপিং ব্যাগ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তীতে ব্যাগ ও বস্তা খুলে দেখা যায়, কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় একটি বিদেশি রিভলবার, একটি ওয়ান শুটারগান, দুটি এয়ারগান এবং ২০ রাউন্ড পিস্তলের তাজা গুলি সংরক্ষিত ছিল। উদ্ধারকৃত সব আগ্নেয়াস্ত্র ও গুলি বিধি মোতাবেক জব্দ করা হয়।

র‍্যাব-৫ জানায়, উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী মহানগরীর শাহমখদুম থানায় সাধারণ ডায়েরি (জিডি) মূলে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের ধারাবাহিক অভিযানের মাধ্যমে রাজশাহী মহানগরীতে অবৈধ অস্ত্রের বিস্তার রোধ হবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা আরও সুদৃঢ় হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *