
|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||
রাজশাহীতে সংঘবদ্ধ ডাকাতি, ছিনতাই, চুরি, মাদক ব্যবসা ও পুলিশ অ্যাসল্টসহ মোট ১৩টি মামলার এজাহারভুক্ত মূলহোতা আসামি মিলনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫) রাজশাহীর সদর কোম্পানির সদস্যরা।
র্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন ধরনের অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে বাহিনীটি। সন্ত্রাসী, চাঁদাবাজ, অবৈধ দখলদার, ছিনতাইকারী, ডাকাত, অপহরণকারী, প্রতারকসহ নানা অপরাধে জড়িতদের আইনের আওতায় আনা এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার কার্যক্রমের মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে র্যাব।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সদর কোম্পানির একটি আভিযানিক দল গত ৯ মার্চ ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৫টার দিকে রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানাধীন এরাবিয়ান মডেল বালিকা মাদ্রাসার সামনে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সংঘবদ্ধ ডাকাতি, ছিনতাই, চুরি, মাদক ব্যবসা ও পুলিশ অ্যাসল্টসহ বিভিন্ন অপরাধে জড়িত এবং মোট ১৩টি মামলার এজাহারভুক্ত আসামি মিলনকে আটক করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মিলন দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ ডাকাত ও ছিনতাইকারী চক্রের সঙ্গে যুক্ত থেকে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই, চুরি এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত মিলনের বিরুদ্ধে রাজশাহী মহানগর পুলিশের বিভিন্ন থানায় মোট ১৩টি মামলা রয়েছে। এর মধ্যে রাজপাড়া থানায় দায়ের করা চোরাই মালামাল সংরক্ষণ সংক্রান্ত মামলা (ধারা ৪১৩ দণ্ডবিধি), শাহ মখদুম থানায় মারধর, চুরি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দায়ের করা মামলা (ধারা ৩২৩/৩৭৯/৫০৬/৩৪ দণ্ডবিধি) এবং তানোর থানায় দায়ের করা চুরির মামলা উল্লেখযোগ্য।
এছাড়াও কাশিয়াডাঙ্গা থানায় বাড়িঘরে চুরি সংক্রান্ত মামলা (ধারা ৪৬১/৩৮০ দণ্ডবিধি), রাজপাড়া ও বোয়ালিয়া থানায় ছিনতাইয়ের অভিযোগে দায়ের করা মামলা (ধারা ৩৯২ দণ্ডবিধি) রয়েছে। এর পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একাধিক মামলাতেও তিনি অভিযুক্ত। এছাড়া পূর্বের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ অনুযায়ী দায়ের করা মামলাসহ জুয়া আইনের একটি মামলাতেও তার নাম রয়েছে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সঙ্গে যুক্ত থেকে ডাকাতি, ছিনতাই, চুরি এবং মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়টি স্বীকার করেছে বলে জানা গেছে।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-৫ রাজশাহী।
