বুধবার, ফেব্রুয়ারি ২৫

রাজশাহীতে পূর্ব শত্রুতার জেরে যুবককে দিনদুপুরে ছুরিকাঘাতে হত্যা

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||

রাজশাহীর শাহমখদুম থানার পবা রাইসমিলপাড়া এলাকায় বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে মো. সাব্বির (২১) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত সাব্বির ওই এলাকার শাহিন ইসলামের ছেলে। তিনি তার বাবার খাবারের হোটেলে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই মহল্লার আমিরুল ইসলামের ছেলে মো. জাসন (২৫) এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে। জাসন মাদকাসক্ত এবং গত এক সপ্তাহ ধরে এলাকায় তার বেপরোয়া আচরণ বেড়ে গিয়েছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জাসনের মা শিরিন বেগম তাঁদের আধা কাঠা জমি সাব্বিরের বাবা শাহিন ইসলামের কাছে বিক্রি করেছিলেন। এই জমি বিক্রির বিষয়টি জাসনের কাছে ক্ষোভের কারণ ছিল। এর জেরে গত মঙ্গলবার জাসন শাহিন ইসলামকে মারধরও করেছিলেন। পরের দিন বুধবার দুপুরে বাড়ির সামনে সাব্বিরকে একা পেয়ে তিনি তার বুকে ছুরিকাঘাত করেন এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ছুরিকাঘাতের পর সাব্বিরকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানিয়েছেন, সাব্বিরের বুকে গভীর ক্ষত ছিল এবং হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু ঘটে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানিয়েছেন, ঘটনার পর অভিযুক্ত জাসন পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে এবং এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *