
নিজস্ব প্রতিবেদক ||
রাজধানীর শাহ আলী থানা ইসলামী ঐক্য আন্দোলনের উদ্যোগে ইফতার মাহফিল ও দারসুল কুরআন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাদ আসর সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে দারসুল কুরআন পেশ করেন আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ রুহুল আমীন। কুরআন ও সুন্নাহর আলোকে সমসাময়িক প্রেক্ষাপট বিশ্লেষণ করে তিনি উপস্থিত কর্মীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
শাহ আলী থানা শাখার আমীর মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান আসলামীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের ঢাকা মহানগরী উত্তরের আমীর মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ ভূঁঞা, সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম রোকন, ঢাকা মহানগরী দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিক প্রমুখ।
বক্তারা মাহে রমজানের পবিত্রতা রক্ষা এবং ইসলামী সমাজ বিনির্মাণে ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনটির ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর মাওলানা ফারুক আহমাদ। মোনাজাতে দ্বীন প্রতিষ্ঠার উদ্দেশ্যে এদেশে একটি পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লবের লক্ষে গণমানুষের চেতনা জাগ্রতকরণের জন্য দোয়া করা হয়।
