
|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক | বেলকুচি (সিরাজগঞ্জ) ||
সিরাজগঞ্জের বেলকুচিতে পবিত্র রমজান মাস উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন ‘মানবতার ফেরিওয়ালা’ খ্যাত মামুন বিশ্বাস। দেশি-বিদেশি দানশীল ব্যক্তিদের কাছ থেকে ফেসবুকের মাধ্যমে সংগৃহীত অর্থে আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলার রাজাপুর ইউনিয়নের মকিমপুর খেয়া ঘাট এলাকায় ৫০টি পরিবারের মাঝে উন্নতমানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

প্রতিটি প্যাকেটে চাল, ডাল, চিনি, লবণ, খেজুর, সাবান, গুঁড়ো দুধ, সেমাই ও মুরগীসহ প্রায় ৫ হাজার টাকা মূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য তুলে দেওয়া হয়। খাদ্য সহায়তা পেয়ে নিম্নআয়ের এই মানুষগুলোর মুখে উৎসবের হাসি ফুটেছে।
পণ্য বিতরণকালে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান। তিনি মামুন বিশ্বাসের এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজের সামর্থ্যবানদের এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। মামুন বিশ্বাসের এই প্রচেষ্টা সত্যিই দৃষ্টান্তমূলক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম এবং যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল।
আর্তমানবতার সেবায় দীর্ঘদিন ধরে কাজ করে আসা মামুন বিশ্বাস জানান, ফেসবুকের মাধ্যমে দানশীল মানুষের সহযোগিতায় তিনি এই কার্যক্রম পরিচালনা করছেন এবং আগামীতেও এই ধারা অব্যাহত রাখতে চান।
