
|| ইবি প্রতিনিধি ||
পবিত্র মাহে রমজান উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের জন্য অর্থ ও ব্যাখ্যাসহ আল-কুরআন অধ্যয়ন প্রতিযোগিতা-২০২৬ এর আয়োজন করতে যাচ্ছে শাখা ছাত্রশিবির। সম্পূর্ণ বিনামূল্যে আয়োজিত এই প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকছে আর্থিক পুরস্কারের ব্যবস্থা।
রবিবার (২২ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে শাখা ছাত্রশিবিরের ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৫ রমজান (৫ মার্চ ২০২৬) পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে অনলাইনে রেজিস্ট্রেশন করার সুযোগ রয়েছে। রেজিস্ট্রেশন সম্পন্নকারী ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে সেখানে পরীক্ষার সার্বিক আপডেট ও নির্দেশনা প্রদান করা হবে।
আগামী ২৩ রমজান (১৩ মার্চ) বিকেল ৩টা থেকে ৩টা ৪০ মিনিট পর্যন্ত ৪০ মিনিটের একটি ১০০ নম্বরের এমসিকিউ (MCQ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার সিলেবাসে রয়েছে সূরা আলে ইমরান, সূরা নিসা, সূরা নূর এবং সূরা যিলযাল এবং তাফসীর গ্রন্থ হিসেবে তাফহীমুল কুরআন নির্ধারণ করা হয়েছে।
এতে আরও বলা হয়, প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীকে ৪ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারীকে ৩ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারীকে ২ হাজার টাকা পুরস্কার প্রদান করা হবে। এছাড়া চতুর্থ থেকে দশম স্থান অধিকারী প্রত্যেকে পাবেন ১ হাজার টাকা করে পুরস্কার।
