বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯

রমজানে ১০ লক্ষাধিক পরিবারকে সুলভ মূল্যে দুধ-ডিম-মাংস দেবে সরকার: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

|| আলোকিত দৈনিক ডেস্ক ||

পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশের নিম্নআয়ের মানুষের কষ্ট লাঘবে এবং প্রোটিনের চাহিদা মেটাতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এই কার্যক্রমের আওতায় সারা দেশের প্রায় ১০ লক্ষাধিক পরিবারকে সুলভ মূল্যে দুধ, ডিম, মাছ ও মাংস সরবরাহ করা হবে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে মহাখালীর প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনকালে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এসব তথ্য জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের কল্যাণে কাজ করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তারই ধারাবাহিকতায় এই প্রোটিনসমৃদ্ধ খাদ্য সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। এর ফলে বাজারে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে এবং সাধারণ ভোক্তারা সরাসরি উপকৃত হবেন।

তিনি আরও উল্লেখ করেন, ভবিষ্যতে এই কার্যক্রমের পরিধি আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে সরকারের। একইসাথে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে দ্রুতই ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে।

প্রতিমন্ত্রী আক্ষেপ প্রকাশ করে বলেন, রমজান মাস এলে কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের দাম বাড়িয়ে দেওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ে। সেই কষ্ট লাঘবেই সরকারের এই সময়োপযোগী পদক্ষেপ।

তিনি আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন মানুষের কল্যাণে কাজ করে হৃদয়ে স্থান করে নিয়েছেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেমন আপসহীনভাবে মানুষের অধিকার প্রতিষ্ঠায় লড়াই করেছেন, বর্তমান সরকারও সেই পথেই সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাবে।

প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের। এছাড়া বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের (বিপিআইসিসি) সভাপতি মশিউর রহমান এবং বাংলাদেশ ক্যাটল অ্যান্ড ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশনের (বিসিএফএফএ) সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইনসহ মন্ত্রণালয় ও অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা জনগণের প্রত্যাশা পূরণে সম্মিলিত টিমওয়ার্কের ওপর গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *