
|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক (ঢাকা) ||
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এক ধাপ এগিয়ে আসন্ন ঈদুল ফিতরের আগেই দেশে পরীক্ষামূলকভাবে চালু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘ফ্যামিলি কার্ড’। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে ফ্যামিলি কার্ড সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
বৈঠক শেষে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর বিশেষ আগ্রহে রমজান মাসেই পাইলট প্রজেক্ট হিসেবে এই কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ডের যে রূপরেখা দেওয়া হয়েছিল, তা মাঠ পর্যায়ে কীভাবে কার্যকর করা যায়, মূলত সেটি নিয়েই আজকের সভায় বিস্তারিত আলোচনা হয়েছে।
এই কার্ডের আওতাভুক্ত পরিবারের সংখ্যা ও যোগ্যতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রমটি হবে সার্বজনীন। এতে কোনো নির্দিষ্ট সীমাবদ্ধতা থাকবে না। তবে সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে একটি কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে হতদরিদ্র পরিবারগুলোকে অগ্রাধিকার দিয়ে পর্যায়ক্রমে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলোকেও এই কার্ডের আওতায় নিয়ে আসা হবে। ঈদের আগেই এই পাইলট প্রজেক্টের কার্যক্রম শুরু করার মাধ্যমে সাধারণ মানুষের কাছে এর সুফল পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর।
