বৃহস্পতিবার, এপ্রিল ৯

যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলা

|| আন্তর্জাতিক ডেস্ক ||

ইসরায়েলি সশস্ত্র বাহিনীর ক্রমাগত যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিবাদে বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোরে উত্তর ইসরায়েল লক্ষ্য করে পাল্টাপাল্টি রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইরানপন্থি এই সশস্ত্র গোষ্ঠীটি এক বিবৃতিতে হামলার সত্যতা নিশ্চিত করেছে। হিজবুল্লাহর পক্ষ থেকে টেলিগ্রামে জানানো হয়েছে, লেবানন ও এর সাধারণ জনগণের ওপর ইসরায়েলি-মার্কিন আগ্রাসন পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত তাদের এই প্রতিরোধ ও পাল্টা জবাব অব্যাহত থাকবে। এর আগে ইসরায়েলি সংবাদমাধ্যম দাবি করেছে, লেবানন থেকে ছোড়া একটি রকেট তারা আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি রাজধানী বৈরুতসহ লেবাননের বিভিন্ন জনপদে নজিরবিহীন বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মাত্র ১০ মিনিটের ব্যবধানে প্রায় ১০০টি স্থানে চালানো ওই ভয়াবহ হামলায় নারী ও শিশুসহ অন্তত ২৫৪ জন নিহত হয়েছেন। হিজবুল্লাহ এই বর্বরোচিত হত্যাযজ্ঞকে ‘গুরুতর যুদ্ধাপরাধ’ হিসেবে আখ্যা দিয়ে হুঁশিয়ারি দিয়েছে যে, নিরীহ মানুষের ওপর এমন আঘাত তাদের লড়াইয়ের সংকল্প ও প্রতিরোধকে আরও শক্তিশালী করবে।

এদিকে, মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতিতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির সরকারি কর্মকর্তারা অভিযোগ করেছেন যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিকল্পিতভাবে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেছে। লেবাননকে চুক্তির বাইরে রাখার দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। লেবাননে এই ভয়াবহ হামলার প্রতিবাদে এবং নিরাপত্তার স্বার্থে ইরান পুনরায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে, যা এই অঞ্চলে উত্তেজনা নতুন মাত্রায় নিয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *