বুধবার, ফেব্রুয়ারি ১৮

মাহে রমজানের পবিত্রতা রক্ষায় দেশবাসীর প্রতি ইসলামী ঐক্য আন্দোলনের আমীরের আহ্বান

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||

আজ দেশের পশ্চিম গগনে চাঁদ দেখা গেলে কাল থেকে শুরু হবে পবিত্র মাহে রমজান। মহিমান্বিত মাসটির মহিমা ও তাৎপর্য সমুন্নত রাখতে সর্বস্তরের দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি রমজান মাসের পবিত্রতা রক্ষা এবং সংযম ও তাকওয়া অর্জনের মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

মাওলানা এরশাদ উল্যাহ ভূঁইয়া বলেন, রমজান মাস হলো আত্মশুদ্ধি ও ত্যাগের মাস। এই মাসে মুমিন মুসলমানদের প্রধান লক্ষ্য হওয়া উচিত পাপাচার বর্জন করে ইবাদত-বন্দেগিতে মশগুল হওয়া। তিনি আক্ষেপ করে বলেন, অনেক সময় দেখা যায় রমজানের পবিত্রতা ক্ষুণ্ন করে দিনের বেলা প্রকাশ্যে পানাহার ও অনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়, যা অত্যন্ত দুঃখজনক। তাই সমাজের সর্বস্তরে রমজানের আমেজ বজায় রাখতে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কাজ থেকে বিরত থাকতে তিনি সবার প্রতি অনুরোধ জানান।

বিবৃতিতে তিনি বিশেষ করে অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেট চক্রের প্রতি সতর্কবার্তা প্রদান করেন। তিনি বলেন, পবিত্র মাসে দ্রব্যমূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষকে কষ্টে ফেলা ইসলামের শিক্ষার সম্পূর্ণ পরিপন্থী। সরকার ও সংশ্লিষ্ট মহলের প্রতি তিনি আহ্বান জানান যেন বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয় এবং সাধারণ মানুষ যাতে সুলভ মূল্যে সেহরি ও ইফতারের সামগ্রী কিনতে পারে তা নিশ্চিত করা হয়।

পরিশেষে, অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া রমজান উপলক্ষে সকল প্রকার অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধ করে একটি শান্তিময় ও কল্যাণময় সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, এই রমজান যেন বাংলাদেশের সকল মানুষের জন্য সুখ, শান্তি ও সমৃদ্ধির বার্তা নিয়ে আসে এবং বিশ্বের সকল মুসলমান রহমত, মাগফেরাত ও নাজাত লাভ করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *