
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জ জেলায় হামের সংক্রমণ হঠাৎ করেই উদ্বেগজনক হারে বেড়েছে। এতে করে অভিভাবকদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা। পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে স্বাস্থ্য বিভাগ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৪৮ ঘণ্টায় নতুন করে ১৪ জন শিশু মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জনে।
পরিস্থিতি মোকাবিলায় আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ ১০ শয্যার একটি ইউনিট চালু করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তি হওয়া শিশুদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা সেবা নিশ্চিত করা হচ্ছে।
মানিকগঞ্জ মেডিকেল কলেজের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের মতো সংক্রামক রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো সময়মতো টিকাদান। এক শিশু বিশেষজ্ঞ বলেন, “যেসব শিশু নিয়মিত টিকা পায়নি বা টিকা দেওয়া হয়নি, দ্রুত দেওয়ার পরামর্শ দেন।”
