
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জের বানিয়াজুরী ইউনিয়নে তরা গ্রামের এক বৃদ্ধ ও তার স্ত্রীর ওপর হামলা, মারধর এবং বসতবাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য রাজা মিয়ার বিরুদ্ধে। সম্প্রতি সংঘটিত এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী হারেজ আলী অভিযোগ করেছেন যে, পূর্ব বিরোধের জেরে রাজা মিয়া ও তার অনুসারীরা অতর্কিতভাবে তার বাড়িতে হামলা চালায়। হামলায় বৃদ্ধ হারেজ আলীকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয় এবং ঘরে থাকা আসবাবপত্র ব্যাপক ভাঙচুর করা হয়।
ঘটনার খবর পেয়ে ঘিওর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং সেখান থেকে বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করে। পরবর্তীতে পুলিশের সহযোগিতায় স্থানীয়রা আহত হারেজ আলীকে উদ্ধার করে চিকিৎসার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠান।
এই বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা রাজা মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তবে স্থানীয় সূত্রে জানা গেছে, ওই পক্ষদ্বয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
ঘিওর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
