
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
সারাদেশে যখন সড়ক নিরাপত্তা নিশ্চিতকল্পে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেখানে মানিকগঞ্জ জেলায় দেখা যাচ্ছে সম্পূর্ণ উল্টো চিত্র। দেশের অধিকাংশ জেলায় বর্তমানে ড্রাইভিং লাইসেন্স, হেলমেট এবং বৈধ কাগজপত্রহীন মোটরসাইকেলের জ্বালানি তেল সরবরাহ বন্ধ করে দেওয়া হলেও মানিকগঞ্জের ফিলিং স্টেশনগুলোতে এসব নিয়ম তোয়াক্কাই করা হচ্ছে না। ফলে এক প্রকার প্রশাসনিক উদাসীনতায় অন্ধকারচ্ছন্ন হচ্ছে জেলার সড়ক ব্যবস্থার শৃঙ্খলা।
সরেজমিনে দেখা গেছে, মানিকগঞ্জের বিভিন্ন পাম্পে লাইসেন্স ও হেলমেটবিহীন চালকরা অনায়াসেই ফুল ট্যাংকি তেল সংগ্রহ করছেন। অথচ নিয়ম মেনে চলা সাধারণ মানুষ ও জরুরি সেবায় নিয়োজিত পেশাজীবীরা অনেক সময় পাম্পে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন।
অভিযোগ উঠেছে, অনুমোদনহীন যানবাহনে জ্বালানি সরবরাহ বন্ধ করা গেলে জেলায় প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি সাশ্রয় করা সম্ভব হতো। কিন্তু স্থানীয় কর্তৃপক্ষের তদারকির অভাবে অবৈধ যানবাহনগুলো অবাধে দাপিয়ে বেড়াচ্ছে রাজপথ।
সচেতন মহলের মতে, সড়ক দুর্ঘটনা রোধে এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসনের এখনই কঠোর হওয়া প্রয়োজন। হেলমেট ও লাইসেন্সবিহীন বাইকে তেল সরবরাহ বন্ধ করলে একদিকে যেমন সড়ক শৃঙ্খলা ফিরবে, অন্যদিকে অপরাধমূলক কর্মকাণ্ডে মোটরসাইকেলের ব্যবহারও অনেকাংশে কমে আসবে। জরুরি ভিত্তিতে এই অব্যবস্থাপনা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন জেলার সাধারণ মানুষ।
