বৃহস্পতিবার, এপ্রিল ২

মানিকগঞ্জে নদী ভাঙন রোধে জরুরি ব্যবস্থা চাইলেন বিমান মন্ত্রী আফরোজা খানম রিতা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

মানিকগঞ্জ জেলার ৭ টি উপজেলায় নদী ভাঙনের ভয়াবহতা রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে অনুরোধ জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিমান মন্ত্রী আফরোজা খানম রিতা।

বুধবার (১ এপ্রিল) পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর পাঠানো এক ডিও পত্রে তিনি উল্লেখ করেন, মানিকগঞ্জ একটি নদীবেষ্টিত জেলা হওয়ায় প্রতি বছর বর্ষা মৌসুমে পদ্মা, যমুনা, কালীগঙ্গা ও ইছামতী নদীর তীব্র ভাঙনে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা হুমকির মুখে পড়ে।

পত্রে বলা হয়, জেলার দৌলতপুর, শিবালয়, হরিরামপুর, সাটুরিয়া, সিংগাইরসহ বিভিন্ন উপজেলার বিস্তীর্ণ এলাকায় নদী ভাঙন অব্যাহত রয়েছে। ইতোমধ্যে বেশ কিছু সরকারি-বেসরকারি স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে এবং আরও বহু গুরুত্বপূর্ণ স্থাপনা ঝুঁকির মধ্যে রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, আসন্ন বর্ষা মৌসুমের আগেই ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে অস্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় স্থায়ী বাঁধ নির্মাণ জরুরি। অন্যথায় কোটি কোটি টাকার সরকারি সম্পদ নষ্ট হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

এ অবস্থায়, মানিকগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা নদী ভাঙন থেকে রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন বিমান মন্ত্রী।

সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা হলে নদী ভাঙনজনিত ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *