সোমবার, মার্চ ৩০

মাদরাসা শিক্ষার ঐতিহ্য ফিরিয়ে আনতে শিক্ষক নেতাদের সহযোগিতা চান ইআবি ভিসি

|| আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||

মাদরাসা শিক্ষার হারানো ঐতিহ্য পুনরুদ্ধারে শিক্ষক ও অভিভাবকদের সক্রিয় সহযোগিতা কামনা করেছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান। তিনি বলেন, মাদরাসা শিক্ষা এমন একটি সমন্বিত ব্যবস্থা, যা দুনিয়া ও আখিরাত উভয় জগতের কল্যাণমুখী পথনির্দেশনা প্রদান করে। শিক্ষার্থীদের আমল-আখলাক, তাহযিব ও তমদ্দুন গঠনে এই শিক্ষার বিকল্প নেই।

সোমবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয় মিলনায়তনে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন-এর নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান মাদরাসার শ্রেণিকক্ষগুলোকে শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রাণবন্ত ও স্বতঃস্ফূর্ত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এজন্য শিক্ষকদের আন্তরিকতা, বিষয়ভিত্তিক গঠনমূলক পাঠদান এবং যথাযথ দিকনির্দেশনা অত্যন্ত জরুরি। একইসঙ্গে তিনি সমাজের অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার দায়িত্ব গ্রহণে বিত্তবান শিক্ষক ও সামর্থ্যবানদের এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।

মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়কে একটি ‘পরিবার’ হিসেবে উল্লেখ করে ভিসি বলেন, একাডেমিক সিলেবাস, পরীক্ষা পদ্ধতি কিংবা প্রশাসনিক যেকোনো বিষয়ে গঠনমূলক সংশোধন ও পরামর্শের জন্য তার দুয়ার সর্বদা উন্মুক্ত। বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকরা সেবাদানে সর্বোচ্চ আন্তরিক থাকবেন বলেও তিনি আশ্বস্ত করেন।

জমিয়াতুল মোদার্রেছীন-এর সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন-এর মহাসচিব শাব্বির আহমদ মোমতাজীর নেতৃত্বে শিক্ষক নেতারা নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলরকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় নেতৃবৃন্দ মাদরাসা শিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী, এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ফাহাদ আহমদ মোমতাজী। এছাড়াও বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন-এর কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শিক্ষক নেতা এবং বিভিন্ন মাদরাসার অধ্যক্ষবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন আফসারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *