
|| আন্তর্জাতিক ডেস্ক ||
ঘরোয়া ইস্পাত শিল্পের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এবং কাঁচামালের সরবরাহ নিশ্চিত করতে ব্রাজিলের সাথে বড় ধরনের খনিজ ও খনি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে ভারত। শনিবার (২১ ফেব্রুয়ারি) নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার উপস্থিতিতে এই ঐতিহাসিক চুক্তিটি সম্পন্ন হয়। খবর: রয়টার্সের।
তিন দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে আসা ব্রাজিলীয় প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, আগামী পাঁচ বছরের মধ্যে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ১৫ বিলিয়ন ডলার থেকে ২০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
খনিজ ও ইস্পাত খাতে নতুন দিগন্ত বিশ্বের অন্যতম শীর্ষ আকরিক লোহা উৎপাদনকারী দেশ ব্রাজিল। অন্যদিকে, ভারত বর্তমানে ২১৮ মিলিয়ন মেট্রিক টন ইস্পাত উৎপাদন ক্ষমতার অধিকারী এবং অবকাঠামো উন্নয়নের ধারাবাহিকতায় এই চাহিদা দ্রুত বাড়ছে। নতুন এই চুক্তির ফলে ভারত কেবল উন্নত মানের কাঁচামালই পাবে না, বরং খনি অনুসন্ধান ও ইস্পাত খাতের অবকাঠামো উন্নয়নে ব্রাজিলের বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তাও নিশ্চিত হবে।
ডলারের বিকল্প ভাবনায় লুলা বৈঠকে বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি প্রযুক্তি, সেমিকন্ডাক্টর এবং এআই (AI) খাতেও একযোগে কাজ করার অঙ্গীকার করেন দুই শীর্ষ নেতা।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট লুলা ভারত ও ব্রাজিলের মধ্যে নিজস্ব মুদ্রায় লেনদেনের ওপর গুরুত্বারোপ করেন। তবে ব্রিকস (BRICS) জোটের জন্য এখনই কোনো অভিন্ন মুদ্রা চালুর সম্ভাবনা নাকচ করে দিয়েছেন তিনি।
২০০৬ সাল থেকে কৌশলগত অংশীদার হিসেবে ভারত ও ব্রাজিল প্রতিরক্ষা, জ্বালানি ও কৃষি খাতে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রেখেছে। বর্তমানে ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে ব্রাজিলই ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। এই নতুন চুক্তির মাধ্যমে দুই উদীয়মান অর্থনীতির সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছেন বিশ্লেষকরা।
