
|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||
সিরাজগঞ্জের বেলকুচিতে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের সম্মানে এক আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলকুচি শিশু একাডেমীর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয় প্রাঙ্গণে এক আন্তরিক ও আবেগময় পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানের ব্যানারে লেখা ছিল—
“ভাল মানুষ নিজে জ্বলে আলো দেয় পথের পাশে নিঃস্বার্থ ভালবাসায়, গড়ে সে হৃদয়ের বাসে।”
এছাড়াও বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি আবেগঘন বাণী পাঠ করা হয়—
“আসা আর যাওয়া ধরণীর রীতি। মুছে ফেলো আঁখি জল, ঢেলে দাও প্রীতি। একা আসে একা যায় দুনিয়ার রীতি, বিদায় রেখে যায় এতটুকু স্মৃতি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের অধ্যক্ষ শরিফ আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল বাতেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ভবিষ্যৎ জীবনে সাফল্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম, সততা ও শৃঙ্খলার বিকল্প নেই। তিনি সকল পরীক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং ভালো ফলাফলের মাধ্যমে বিদ্যালয় ও এলাকার সুনাম বৃদ্ধির আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, এবং বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম।
বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের জীবনের আগামী পথচলায় সফলতা কামনা করেন। তারা বলেন, বিদায় মানে শেষ নয়; বরং এটি নতুন জীবনের পথে যাত্রার সূচনা।
অনুষ্ঠানের একপর্যায়ে বিদায়ী শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় অনেক শিক্ষার্থী আবেগাপ্লুত হয়ে পড়েন।
সবশেষে বিদ্যালয়ের পক্ষ থেকে এসএসসি পরীক্ষার্থীদের সার্বিক সফলতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
