
|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||
সিরাজগঞ্জের বেলকুচিতে ৩৫০ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত সমাজসেবক মামুন বিশ্বাস সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে প্রায় ৭ লাখ ২০ হাজার টাকা সংগ্রহ করে এই ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।
অনুষ্ঠানটি মুকুন্দগাঁতী সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি হিরুক গুণ, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, একুশে টেলিভিশনের উপস্থাপক ওয়াহিদুজ্জামান, সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম এবং সমাজসেবক মামুন বিশ্বাসের বাবাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের এগিয়ে এলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব। মামুন বিশ্বাস ফেসবুকের মাধ্যমে মানুষের কাছ থেকে সহায়তা সংগ্রহ করে যে উদ্যোগ নিয়েছেন, তা সমাজে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
অনুষ্ঠানের শেষে ৩৫০টি অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, তেল, চিনি, সেমাইসহ বিভিন্ন খাদ্যসামগ্রী সম্বলিত ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সমাজসেবক মামুন বিশ্বাস।
