শুক্রবার, ফেব্রুয়ারি ২০

বেলকুচিতে বিএনপির নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||

সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে একটি নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকাল ৩টায় বেলকুচি পৌরসভার ৬নং ওয়ার্ডের চন্দনগাঁতী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক দলীয় নেতা-কর্মী ও স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদস্য ও সাবেক ভিপি মোকলেছুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সোহেল।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক, সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এবং সিরাজগঞ্জ-৫ (বেলকুচি–চৌহালী) আসনের মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম বলেন,
“আমি সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত একটি বেলকুচি গড়ে তুলতে চাই। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি চন্দনগাঁতী এলাকায় প্রায় ৩০০ মিটার পাকা সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন এবং ওই এলাকার ‘মৌজা’ সংক্রান্ত জটিলতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথাও জানান।

একই সঙ্গে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী ভবিষ্যতে সরকার গঠিত হলে নারীদের জন্য বিশেষ সুবিধাসংবলিত ‘মহিলা কার্ড’ চালু করার উদ্যোগ নেওয়া হবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী জামাল উদ্দিন ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক মণ্ডল, সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন, সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান, বেলকুচি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামাণিক, সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, জেলা বিএনপির তাঁত বিষয়ক সম্পাদক হাজী আকছেদ আলী প্রামাণিক, সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, পৌর বিএনপির সাবেক সদস্য জাহিদুল হক মুক্তা, মনোয়ার হোসেন শামীম, মামুন হোসেন বরাদ এবং উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি কেরামত আলী তালুকদারসহ আরও অনেকে।

সভায় বক্তারা স্থানীয় উন্নয়ন, নাগরিক অধিকার রক্ষা এবং দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *